প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
কর্ণফুলীর মইজ্জ্যারটেকে পরিচ্ছন্নতা অভিযান

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্যস্ততম মইজ্জ্যারটেক চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী, সিসিপি টিম, সামাজিক সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অভিযানে মইজ্জ্যারটেক চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাড়ি, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
অভিযানে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বাড়ি ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. রিদুয়ানুল ইসলাম, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি), চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিসিপি টিম লিডার এম মঈন উদ্দিন, কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয় এবং ছাত্রদল নেতা মো. আরিফুল ইসলাম।
এ ছাড়া ‘মানবতার শেষ আশ্রয়’-এর নেতৃবৃন্দসহ বিএনপি, সামাজিক সংগঠন, সিসিপি টিম ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিরা অভিযানে অংশ নেন।
বক্তারা বলেন, এক দিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে ডেঙ্গুর মৌসুমে কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট